থাইল্যান্ডে শুটিং শেষে ফেরার পথে দুর্ঘটনায় অভিনেতা খায়রুল বাসার

থাইল্যান্ডে নাটকের দৃশ্যধারণের কাজ করতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনয়শিল্পী খায়রুল বাসার। পাহাড়ি পথ ধরে নামার সময় স্কুটি নিয়ন্ত্রণ হারালে তিনি ও একই সঙ্গে থাকা চিত্রগ্রাহক মেহেদী রনি মারাত্মক আঘাত পান। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর এই অঘটন ঘটে। বর্তমানে তাঁদের পাতায়ার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার বিবরণ দিয়ে খায়রুল বাসার জানান, নাটকের কাজ ঠিকভাবেই এগোচ্ছিল। কোলার্ন দ্বীপে পাহাড়ের চূড়ায় একটি দৃশ্যের কাজ শেষ করে ফেরার সময় স্কুটিটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে মুহূর্তেই তাঁরা দুজন বাইক থেকে ছিটকে পড়েন। কিছু দূরে থাকা চিত্রগ্রহণ দলের সদস্যরা এসে তাঁদের উদ্ধার করেন।
দুর্ঘটনায় বুকে ও হাঁটুতে প্রচণ্ড আঘাত পেয়েছেন খায়রুল বাসার, যার কারণে হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে। অন্যদিকে চিত্রগ্রাহক মেহেদী রনির শরীরের বেশ কিছু অংশ ছিলে গিয়েছে এবং তিনি আরও বেশি আহত হয়েছেন। জখমের সঠিক অবস্থা জানতে হাসপাতালে তাঁদের শারীরিক পরীক্ষা ও এক্স-রে করানো হচ্ছে।
শারীরিক অবস্থার কারণে সাময়িকভাবে নাটকের কাজ স্থগিত রাখা হয়েছে। ঈদের ছুটির পর মীর আরমান হোসেনের পরিচালনায় একাধিক নাটকের কাজে থাইল্যান্ডে যান খায়রুল বাসার। এসব নাটকে তাঁর সঙ্গে অভিনয়শিল্পী সাদনিমা বিনতে নোমানসহ আরও অনেকে যুক্ত আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী ২–৩ দিন এই অভিনেতাকে বিশ্রামে থাকতে হবে।