থাইল্যান্ডে স্কুলে গুলিবর্ষণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭

থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের দেবসিরিন ননথাবুরি স্কুলে এক শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭ জনে পৌঁছেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, হতাহতের সংখ্যা আগের পূর্বাভাসের চেয়ে বৃদ্ধি পেয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনো এই সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
গত বৃহস্পতিবার সকাল ১০:১২ মিনিট নাগাদ স্কুলটির ৫ নম্বর ভবনের ৬ তলায় এ হামলার ঘটনা ঘটে। থাই এনকোয়ারারের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত হামলাকারী ওই স্কুলেরই একজন শিক্ষার্থী। হামলার পর সে নিজের দিকেই বন্দুক তাক করে গুলি চালায়। জরুরি উদ্ধারকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে কয়েক ডজন তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
স্কুলে হামলার ঘটনার পর তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীর বাসা থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করে। তারা সম্পর্কে ওই শিক্ষার্থীর দাদা-দাদী। ধারণা করা হচ্ছে, স্কুলে আসার আগেই সে নিজের বাড়িতে তাদের গুলি করে হত্যা করেছিল।
হামলার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে শিক্ষকেরা দ্রুত শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। উদ্ধারকারী সংস্থা পো টেক টুং ফাউন্ডেশন আহত শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্সে করে কাছের হাসপাতালগুলোতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে পুলিশ স্কুল এলাকাটি ঘিরে রেখেছে এবং এই আক্রমণের মূল কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্ত শুরু করেছে।