আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় কৃত্রিম দাবানল, পুড়ে ছাই ৪০ শতাংশ বনাঞ্চল

১৩ আগস্ট ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় কৃত্রিম দাবানল, পুড়ে ছাই ৪০ শতাংশ বনাঞ্চল
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ফ্লেয়ার নিক্ষেপ ও ড্রোন হামলায় কৃত্রিম দাবানল সৃষ্টি হয়েছে বলে অভিযোগ; সীমান্ত এলাকার প্রায় ৩০-৪০ শতাংশ বনাঞ্চল পুড়ে ছাই হয়েছে।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে দাবানল সৃষ্টির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা, জরুরি সেবা বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, ইসরায়েলি বোমাবর্ষণে বনাঞ্চল পুড়ে ছারখার হওয়ার পাশাপাশি ইচ্ছাকৃত আগুন লাগানো হচ্ছে। পরিবেশবাদী সংগঠনগুলোও দাবি করে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ছড়িয়ে পড়া এই আগুন লেবাননের প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের দীর্ঘদিনের পরিকল্পনার অংশ।

গতকাল মঙ্গলবার দক্ষিণ লেবাননের খিয়াম এলাকার বাইরের একটি বনাঞ্চলে ইসরায়েলি বাহিনী ফ্লেয়ার বা অগ্নিগোলক নিক্ষেপ করলে সেখানে ভয়াবহ আগুন ধরে যায়। এই ঘটনায় বিশাল এলাকার বন পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।

লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের সিভিল ডিফেন্সের প্রধান হুসেইন ফাকিহ জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নেভানোর চেষ্টা করছিলেন, তখন তাদের খুব কাছেই একটি ড্রোন হামলা চালানো হয়। নিরাপত্তার স্বার্থে এই হামলার পর কর্মীরা সেখান থেকে পিছু হটতে বাধ্য হন।

হুসেইন ফাকিহ আরও বলেন, বর্তমানে তাদের বেশির ভাগ অভিযানই আগুন নেভানোর কাজে ব্যয় হচ্ছে। যদিও তার কাছে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই, তবে সীমান্ত বা যুদ্ধক্ষেত্রের কাছাকাছি এলাকাগুলোর প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ জমি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

লেবাননইসরায়েলদাবানলড্রোন হামলাপরিবেশ