দক্ষিণখানে নারী চিকিৎসক হত্যা: স্বামী দুই দিনের রিমান্ডে

রাজধানীর দক্ষিণখান এলাকায় দন্তচিকিৎসক সারা রোকসানাকে (৪২) হত্যার মামলায় গ্রেপ্তার স্বামী মো. সোহেল রানাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ শুনানি শেষে এই নির্দেশ দেন।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি সোহেল রানাকে সাত দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন জানান তদন্ত কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক।
শুনানিকালে সোহেল রানার আইনজীবী শাহাবুদ্দিন শেখ জামিনের আবেদন জানিয়ে রিমান্ডের বিরোধিতা করেন। তিনি দাবি করেন, দম্পতির মধ্যে মনোমালিন্য থাকলেও তাঁর মক্কেল এই হত্যাকাণ্ডে জড়িত নন এবং তাঁকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে রাষ্ট্রপক্ষ প্রকৃত রহস্য উন্মোচনে রিমান্ডের স্বপক্ষে যুক্তি তুলে ধরে জামিনের বিরোধিতা করে।
রিমান্ড আদেশের পর আদালত ভবন থেকে নামানোর সময় সোহেল রানা সাংবাদিকদের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, মূল আসামিকে ধরতে না পেরে পুলিশ তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেন।