দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলন: সরকারের কড়া সমালোচনা নাহিদের

ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এই ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে এনে সরকারের কড়া প্রতিবাদ জানানো উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
রাজধানীর মিন্টো রোডে অবস্থিত বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখে সাংবাদিকদের কাছে নাহিদ ইসলাম এই প্রতিক্রিয়া জানান। শুক্রবার বিকেলের এই কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির ও এনসিপির বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
এনসিপির আহ্বায়ক বলেন, কূটনৈতিক পর্যায়ে সময়মতো উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার কারণেই ভারতে বসে সংবাদ সম্মেলন করার সুযোগ পেয়েছে পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তি। সরকারের জায়গা থেকে সঠিক পদক্ষেপ না থাকার ফলেই এমন ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।