প্রযুক্তি

দুটি গেমিং স্টুডিও বন্ধ করছে নেটফ্লিক্স, নজর এখন টিভি গেমে

১৩ আগস্ট ২০২৬
দুটি গেমিং স্টুডিও বন্ধ করছে নেটফ্লিক্স, নজর এখন টিভি গেমে
টিভিভিত্তিক পার্টির খেলার ওপর জোর দিতে নিজেদের দুটি গেমিং স্টুডিও বন্ধ করার পাশাপাশি কর্মী ছাঁটাই করছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।

টিভিভিত্তিক পার্টি গেমের দিকে নজর বাড়াতে নিজেদের দুটি গেম স্টুডিও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। বন্ধ হতে যাওয়া স্টুডিও দুটি হলো ‘নাইট স্কুল স্টুডিও’ ও হেলসিঙ্কিভিত্তিক ‘মুনলুট গেমস’। এর মধ্যে ২০২১ সালে কেনা নাইট স্কুল স্টুডিও জনপ্রিয় ‘অক্সেনফ্রি’ সিরিজের নির্মাতা। প্রতিষ্ঠানটি সম্প্রতি টিভির জন্য ‘আনহিঞ্জড’ নামের একটি হরর অভিজ্ঞতা এবং ২০২৫ সালে ‘ব্ল্যাক মিরর’ সিরিজভিত্তিক একটি মোবাইল গেম বাজারে এনেছিল। অন্যদিকে মুনলুট গেমস যাত্রা শুরু করেছিল ২০২২ সালে।

মোবাইল গেমের চেয়ে বর্তমানে টিভিতে খেলা যায় এমন পার্টি গেম এবং স্ট্রিমিংভিত্তিক গেমের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে নেটফ্লিক্স। এর অংশ হিসেবে শিশুতোষ, পার্টি, গল্পভিত্তিক এবং মূলধারার গেম তৈরিতে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। নেটফ্লিক্সের মুখপাত্র ক্রিসি কেলেহার জানান, নতুন অগ্রাধিকারগুলো বাস্তবায়নে এই সাংগঠনিক পরিবর্তন আনা হচ্ছে। এর আওতায় গেমিং বিভাগ থেকে কিছু কর্মীও ছাঁটাই করা হয়েছে, যার মধ্যে রয়েছেন গেমের অ্যাক্সেসিবিলিটি বিভাগের একমাত্র কর্মী তারা ভলকার।

গেমিং বিভাগে নেটফ্লিক্সের এমন কাটছাঁট অবশ্য নতুন নয়। গত বছর ‘স্কুইড গেম’-এর মোবাইল সংস্করণের পেছনের স্টুডিওটি বন্ধ করেছিল তারা। এছাড়া ‘কজি গ্রোভ’ গেমের নির্মাতা স্প্রাই ফক্সকে তাদের মূল মালিকদের কাছে পুনরায় বিক্রি করে দেওয়া হয়। এর আগে ২০২৪ সালেও কোনো গেম প্রকাশের আগেই একটি বড় বাজেটের ট্রিপল-এ স্টুডিও বন্ধ করে দিয়েছিল নেটফ্লিক্স।

নেটফ্লিক্সভিডিও গেমগেমিং স্টুডিওপ্রযুক্তি