দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ সরকারের

সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর এই জামিন আদেশ বাতিল করতে বাংলাদেশ সরকার দুবাইয়ে একটি বিশেষ 'ল' ফার্ম নিয়োগ দিয়েছে। সরকারের লক্ষ্য হলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেনজীরের জামিন রদ করে তাঁকে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা।
রোববার বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, আরব আমিরাত ত্যাগ না করার শর্তে বেনজীর আহমেদকে জামিন দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর স্বরাষ্ট্র সচিব ও দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধ্যমে সেখানে নিয়োগপ্রাপ্ত ল ফার্মকে জামিন বাতিলের আবেদন করার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১৪ জুন ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে সাবেক এই আইজিপি গ্রেপ্তার হন।
উল্লেখ্য, ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করা বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের বিরুদ্ধে ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর চারটি মামলা করে দুদক। এর আগে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েন তিনি। ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের আগে তিনি দেশ ত্যাগ করেন এবং পরবর্তীতে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের পরোয়ানা কার্যকরের নির্দেশ দেন আদালত।