অপরাধ

দুর্গাসাগরের হরিণ চুরির ঘটনায় এক বছর পর গ্রেপ্তার ২ কর্মচারী

২ আগস্ট ২০২৬
দুর্গাসাগরের হরিণ চুরির ঘটনায় এক বছর পর গ্রেপ্তার ২ কর্মচারী
বরিশালের দুর্গাসাগর দিঘি থেকে বড় হরিণ চুরির এক বছর পর দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশালের দুর্গাসাগর দিঘির হরিণ সংরক্ষণাগার থেকে সবচেয়ে বড় হরিণটি চুরির এক বছর পর দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে বিমানবন্দর থানা-পুলিশ তাঁদের আটক করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুর্গাসাগরের কেয়ারটেকার মো. জামাল হোসেন মৃধা (৪০) ও নৈশপ্রহরী অলিউল হাওলাদার অলি (৩২)। দুজনেই জেলা প্রশাসকের অধীনে মাস্টাররোল কর্মচারী হিসেবে নিয়োজিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৭ আগস্ট সংরক্ষিত খাঁচার ১৩টি হরিণের মধ্যে সবচেয়ে বড়টি চুরি হয়ে যায়। ওই ঘটনায় নিরাপত্তা প্রহরী জাহাঙ্গীর হোসেন এয়ারপোর্ট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাজী গোলাম সরোয়ার জানান, ঘটনার সময় অভিযুক্তদের দায়িত্ব না থাকলেও মধ্যরাত পর্যন্ত তাঁদের ঘটনাস্থলে দেখা গেছে।

গ্রেপ্তারের পর পুলিশ আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান। পরে শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়তউল্লাহ এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে তাঁদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

বরিশালহরিণ চুরিদুর্গাসাগরগ্রেপ্তাররিমান্ড