দেড় বিলিয়ন ডলার বিনিয়োগে ২১টি বোয়িং বিমান কিনছে ইউএস-বাংলা

বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের সেবা ও বহর সম্প্রসারণে বড় সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে। ২০২৭ সালের মধ্যে পর্যায়ক্রমে এসব উড়োজাহাজ তাদের বহরে যুক্ত হবে। নতুন বহরে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ থাকবে।
রাজধানীর শেরাটন ঢাকায় আয়োজিত ‘বিয়ন্ড উইথ বোয়িং’ অনুষ্ঠানে এই বিশাল বহর সম্প্রসারণের কথা জানানো হয়। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগিহসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউএস-বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, দেশের আন্তর্জাতিক রুটের প্রায় ৭০ শতাংশ যাত্রী বর্তমানে বিদেশি এয়ারলাইন্সে যাতায়াত করেন। ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বাইরে চলে যাচ্ছে। নতুন উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে আন্তর্জাতিক পথে দেশীয় এয়ারলাইন্সের সক্ষমতা বাড়বে এবং দেশীয় মুদ্রার অপচয় রোধ করা সম্ভব হবে।
বহর বৃদ্ধির মাধ্যমে এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন নতুন রুটে সরাসরি ফ্লাইট চালু এবং চট্টগ্রাম ও সিলেটকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি নিজস্ব পাইলোট ও প্রকৌশলী তৈরির প্রশিক্ষণ কেন্দ্র এবং ক্যাটারিং সুবিধা প্রতিষ্ঠার কাজও দ্রুত এগিয়ে চলছে বলে জানান তিনি।