দেবীদ্বারে গৃহকর্ত্রীকে কেটে ৯ টুকরো: জামিনে থাকা নারী আটক

কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে ফরিদা ইয়াসমিন (৫০) নামের এক গৃহকর্ত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির পেছন থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় তাঁর মরদেহের ৯টি প্যাকেট উদ্ধার করা হয়। তবে নিহত নারীর মাথা ও পায়ের অংশ এখনো খুঁজে পাওয়া যায়নি।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘরের ভাড়াটিয়া লাইলী আক্তারকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আরও চারজনের নাম প্রকাশ করেছেন। পুলিশের ধারণা, ঘর থেকে সোনাদানা ও মূল্যবান মালামাল লুটের উদ্দেশ্যেই এই হত্যা হতে পারে।
নিহত ফরিদা ইয়াসমিনের স্বামী মফিজুল ইসলাম জাহাজে চাকরি করার কারণে বাইরে থাকেন এবং দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তিনি বাড়িতে একাই থাকতেন। এ ঘটনায় শনিবার রাতেই তাঁর স্বামী বাদী হয়ে দেবীদ্বার থানায় লাইলী আক্তারসহ চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত লাইলী আক্তার ২০২১ সালের একটি চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার আসামি। সে সময় সাত বছরের এক শিশুকে হত্যার অভিযোগে তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে ১ আগস্ট ফরিদা ইয়াসমিনের টিনশেড ঘরটি ভাড়া নেন তিনি।