অপরাধ

ধর্ষণের মামলা করায় সিলেটে ভাইকে কুপিয়ে হত্যা, পুলিশ আটক ১

১৫ আগস্ট ২০২৬
ধর্ষণের মামলা করায় সিলেটে ভাইকে কুপিয়ে হত্যা, পুলিশ আটক ১
সিলেটের গোয়াইনঘাটে ভাতিজার বিরুদ্ধে ধর্ষণের মামলা করায় কলিমুল্লাহ নামে এক ব্যক্তিকে তাঁর বড় ভাই ও ভাতিজারা কুপিয়ে হত্যা করেছেন।

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় স্বজনদের বিরুদ্ধে ধর্ষণের মামলা করায় কলিমুল্লাহ নামের এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে নিজ গ্রামে তাঁর বড় ভাই ও ভাতিজারা মিলে তাঁকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, প্রায় ১ সপ্তাহ আগে কলিমুল্লাহর মেয়েকে তাঁর ভাসুর ছয়ফ উল্লাহর ছেলে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিস হলেও অভিযুক্তকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। এ পরিস্থিতিতে শনিবার দুপুরে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেন।

মামলার পর বিস্তারিত তথ্যের জন্য গোয়াইনঘাট থানা থেকে ১ জন উপপরিদর্শক (এসআই) ও ২ জন সহকারী উপপরিদর্শক (এএসআই) ঘটনাস্থলে যান। নিহতের ভাই আবদুল আজিজ ও স্থানীয় ইউপি সদস্য মো. আবদুল গফুর জানান, পুলিশের উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটেছে। চাইলে পুলিশ এই হত্যাকাণ্ড প্রতিরোধ করতে পারত।

তবে পুলিশের উপস্থিতিতে খুনের কথা অস্বীকার করেছেন এসআই নাইমুল হাসান। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল জানান, পুলিশ পরিদর্শনের কাজ শেষ করে চলে আসার ১০ মিনিট পর হত্যাকাণ্ডের খবর পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পাশাপাশি একজনকে আটক করেছে।

গোয়াইনঘাটহত্যাকাণ্ডধর্ষণ মামলাসিলেটপুলিশ