অপরাধ

ধর্ষণের মামলায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

৭ আগস্ট ২০২৬
ধর্ষণের মামলায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার
নেত্রকোনায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১৯ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

নেত্রকোনা সদর উপজেলায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার সকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিষারন-অচিন্ত্যপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে র‍্যাব-১৪-এর একটি দল। পরে তাঁকে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, ভিডিও তৈরির কথা বলে ভুক্তভোগী ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন রিপন। গত ৩০ জুলাই রাত আটটার দিকে জরুরি কথা আছে বলে তিনি মেয়েটিকে বাড়ি থেকে ডেকে মগড়া নদীর উত্তর পাড়ে নিয়ে যান এবং ধর্ষণ করেন। ঘটনাটি জানাজানি হলে গত সোমবার রাতে স্থানীয় একটি রাজনৈতিক কার্যালয়ে সালিস বসে। সেখানে রিপনকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং এক সপ্তাহের মধ্যে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সালিসের ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ছড়িয়ে পড়া ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, রিপন নিজের ভুল স্বীকার করে সবার কাছে ক্ষমা চাইছেন। পরবর্তীতে মঙ্গলবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, গ্রেপ্তার রিপন মিয়াকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে। পেশায় কাঠমিস্ত্রি রিপন ২০১৬ সাল থেকে ভিডিও বানিয়ে পরিচিতি পান এবং তাঁর পেজে বর্তমানে প্রায় ১৯ লাখ অনুসারী রয়েছে।

রিপন মিয়াধর্ষণ মামলানেত্রকোনার‍্যাবকনটেন্ট ক্রিয়েটর