ধুনটে যমুনার বাঁধে আবারও ১০০ মিটার ধস, আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর প্রবল স্রোতে শহড়াবাড়ী বাঁধে আবারও ধস নেমেছে। মঙ্গলবার বেলা দেড়টার দিকে বাঁধটির প্রায় ১০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। ভাঙন ঠেকাত তাৎক্ষণিকভাবে বালুভর্তি জিও টেক্সট ও জিও টিউব ব্যাগ ফেলা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ২০০৩ সালে শহড়াবাড়ী ও বানিয়াজান এলাকায় নদীভাঙন ঠেকাতে প্রায় ৬ কোটি টাকা খরচে ১ হাজার ১০০ মিটার করে দুটি স্পার নির্মাণ করা হয়। তবে স্রোতের টানে বাঁহের ভেতরে থাকা ৩০০ মিটার কংক্রিটের অংশ আগেই ভেঙে যায়। পরবর্তীতে মাটির তৈরি বাকি ৮০০ মিটার রক্ষায় বালুর ব্যাগ ফেলে চেষ্টা চালানো হচ্ছিল। গত ১২ জুলাইও একই স্পারের ৩০ মিটার অংশ ধসে যায়, যা নদী রক্ষা বাঁধের জন্য নতুন ঝুঁকি তৈরি করে।
স্থানী বাসিন্দারা জানান, বাঁধের পেছনে শত শত পরিবারের বসতবাড়ি রয়েছে। দ্রুত এটি সংস্কার না করা হলে ঘরবাড়ি যমুনায় তলিয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আব্দুল মালেক জানান, খবর পাওয়ার পরপরই নতুন করে ভেঙে যাওয়া অংশ রক্ষায় নৌকা দিয়ে বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে।