জাতীয়

নাচোলে ট্রেনের ধাক্কায় ট্রলিচালকের মৃত্যু

৬ আগস্ট ২০২৬
নাচোলে ট্রেনের ধাক্কায় ট্রলিচালকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ নামের এক ট্রলিচালক নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেন ও ট্রলির সংঘর্ষে আবুল কালাম আজাদ (৩৫) নামে এক ট্রলিচালক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দেওপাড়া রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ নাচোল উপজেলার বান্দ্রা এলাকার মো. মহিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দেওপাড়া এলাকা থেকে ট্রলি নিয়ে বাড়ি ফিরছিলেন আবুল কালাম। দেওপাড়া রেলক্রসিং পার হওয়ার মুহূর্তে রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি ট্রলিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। বর্তমানে ওই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জনাচোলট্রেন দুর্ঘটনারেলক্রসিংনিহত