নাটোরে বাস ও ভটভটি সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৪

নাটোরের গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় বাস ও গরুবাহী শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে চারজনে পৌঁছেছে। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন পাশের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীপুর ধামানিপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আব্দুর রহমান (৭০), আক্কাছ আলী (৫৫) এবং তাঁর ভাই জাহাঙ্গীর আলম (৪৬)। অপর এক নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার পথে ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে ভটভটিটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের আশঙ্কাজনক অবস্থায় বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
মহাসড়কে শ্যালো ইঞ্জিনচালিত যান চলাচল ও দুর্ঘটনার বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হচ্ছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধে নিয়মিত মামলাসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।