নাটোরে সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত আবদুল কুদ্দুসের বাড়িতে হামলা
নাটোরের গুরুদাসপুরে সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আবদুল কুদ্দুসের বাসভবনে ইটপাটকেল ছুড়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার বেলা আনুমানিক ২টার দিকে পৌরসভার কাছারিপাড়া এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে এসে একদল লোক মূল ফটক, দরজা ও জানালায় ইটপাটকেল ছোড়েন। এতে সিসিটিভি ক্যামেরা ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। ১০ মিনিটের মতো তাণ্ডব চালিয়ে তারা কেটে পড়ে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকেই বাড়িটি তালাবদ্ধ ছিল।
এই হামলার পেছনে রাজনৈতিক আক্রোশ রয়েছে বলে দাবি করেছেন প্রয়াত প্রতিমন্ত্রীর ছেলে আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস। মুঠোফোনে তিনি জানান, বিদ্যুতের দুর্দশা নিয়ে সম্প্রতি ফেসবুকে তিনি কয়েকটি পোস্ট দিয়েছিলেন। সেই ক্ষোভ থেকেই বিএনপির লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে তাঁর ধারণা। ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদে মৎস্য ও পশুসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা আবদুল কুদ্দুস ২০২৩ সালের ৩১ আগস্ট মারা যান।
এর আগে শনিবার গভীর রাতে উপজেলার পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম ওরফে সবুজ ফকিরের বাড়িতেও লুটপাটের অভিযোগ উঠেছে। বর্তমানে নাশকতার মামলায় কারাগারে থাকা ওই নেতার ঘর থেকে প্রায় ৭ ভরি সোনার গহনা ও নগদ দেড় লাখ টাকা দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে স্বজনেরা জানিয়েছেন।
ঘটনা প্রসঙ্গে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হাসান জানান, কোনো এক মিছিল যাওয়ার পথে সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা করা হয়েছে বলে তিনি খবর পেয়েছেন। তবে এখন পর্যন্ত এ নিয়ে থানায় কোনো লিখিত এজাহার জমা হয়নি। অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।