নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে অতর্কিত হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানার এক আসামিকে ধরতে গিয়ে পুলিশের একটি দলের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আটি ওয়াপদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) স্বপন এবং দুই কনস্টেবল হানিফ ও মনির।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, ওয়াপদা কলোনির একটি বাসায় পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তারের অভিযানে গেলে পুলিশের ওপর হঠাৎ হামলা চালানো হয়। এতে ওই তিন সদস্য আহত হলে তাঁদের চিকিৎসার জন্য খানপুর হাসপাতালে নেওয়া হয়।