নারীর কারণেই মৃত্যু হবে: স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে নীরব ইমন নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) দুপুরে ওই এলাকার মালিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাকে নিজ কক্ষের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পরে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নীরব ইমন নিজের ফেসবুক আইডিতে একাধিক আবেগঘন পোস্ট করেন। একটি পোস্টে তিনি লেখেন, মানুষের মৃত্যু হয় কারণে বা অকারণে, কিন্তু তার মৃত্যু হবে এক নারী ও তার পরিবারের কারণে। অন্য একটি পোস্টে তিনি ব্যক্তিগত সম্পর্ক, মানসিক কষ্ট ও হতাশার কথা উল্লেখ করেন এবং কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তবে এসব অভিযোগের সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি জহির উদ্দিন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। গত ১৫ জুলাই নীরব ইমনের বিরুদ্ধে এক কিশোরীকে উত্ত্যক্ত করার অভিযোগ এলাকার থানায় জমা পড়ে। পরে ২৪ জুলাই উভয়পক্ষের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয় এবং নীরব ইমন লিখিত অঙ্গীকারনামায় ভবিষ্যতে ওই কিশোরীকে কোনো ধরনের উত্ত্যক্ত বা হয়রানি করবেন না বলে প্রতিশ্রুতি দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নীরব ইমন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিদেশে কর্মসংস্থানের প্রস্তুতি নিচ্ছিলেন। ২০২৩ সালের ৫ অক্টোবরও পারিবারিক অভিমানের জেরে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বর্তমানে ময়নাতদন্তের প্রতিবেদন এবং ফেসবুক পোস্টসহ ঘটনার সব দিক তদন্ত চলছে।