নিউ ইয়র্ক ক্যাপিটলে বোমা হামলার ছক, আইএসবাদী নারী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটল ভবনে ইসলামিক স্টেট (আইএস)-অনুপ্রাণিত বোমা হামলার পরিকল্পনার অভিযোগে জেসিকা বোভি (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন এ আইজেনবার্গ জানান, আলবানির বাসিন্দা জেসিকা স্টেট ক্যাপিটল ভবনে বিস্ফোরক ব্যবহারের পরিকল্পনা করেছিলেন। সরকারি কর্মকর্তাদের হত্যা ও ভবনের ব্যাপক ক্ষতিসাধন শেষে সিরিয়ায় আইএসের নিয়ন্ত্রিত ভূখণ্ডে পালিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল তাঁর।
বিচার বিভাগ জানায়, বোভি যাকে বিস্ফোরক ভেবেছিলেন, সেটি সংগ্রহ করার পরপরই গত বুধবার তাঁকে আটক করা হয়। এর আগে তাঁকে ক্যাপিটল ভবন প্রাঙ্গণে নজরদারি ও ছবি তুলতে দেখা যায়। তদন্তকারীদের মতে, তিনি ‘আমেরিকান ব্যবস্থাকে আঘাত’ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং অনলাইনে ৯/১১ হামলা উদযাপনের মতো বক্তব্য প্রচার করতেন।
ঘটনার পর নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল জানান, ক্যাপিটলসহ সরকারি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই মুহূর্তে কোনো তাৎক্ষণিক হুমকি নেই উল্লেখ করে তিনি বলেন, নাগরিকদের সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে।