নিষিদ্ধ আ.লীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৭ জন, ১১ জন কারাগারে

রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একটি মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পুলিশ ১৭ জনকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক শুনানি শেষে গ্রেপ্তারদের মধ্যে ১১ জন প্রাপ্তবয়স্ককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বাকি ছয়জন অপ্রাপ্তবয়স্ককে শিশু উন্নয়ন কেন্দ্রে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
মিরপুর-১২ নম্বর এলাকার মেট্রোরেলের ১৪০ নম্বর পিলারের কাছে ব্যানার নিয়ে জড়ো হওয়া নেতা-কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। গোপন তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ছয়টার দিকে পল্লবী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় একটি ব্যানার, কয়েকটি মুঠোফোন এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়। পল্লবী থানার উপপরিদর্শক সোহান মোল্লা বাদী হয়ে সরকারবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে মিছিলের প্রস্তুতি নেওয়ার মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক সালাহউদ্দিন আল মামুন আদালতে হাজির করে আসামিদের কারাগারে রাখার আবেদন করেন। তিনি আদালতকে জানান, জামিনে মুক্তি পেলে আসামিরা পলাতক হতে পারেন এবং তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন। আদালত এই যুক্তি গ্রহণ করে ১১ জন প্রাপ্তবয়স্ককে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার প্রাপ্তবয়স্কদের মধ্যে মো. সুজন হোসেন, মো. নাসিম, মো. আরিফুল ইসলাম, মো. বিলাল হোসেন, মো. ইব্রাহিম, মো. তারেক, সৈয়দ লিমন, মো. মনিরুজ্জামান শাওন, মো. নাছিম, রবিউল ইসলাম ও মো. আলমগীর ইসলাম রয়েছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।