নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, পৌনে ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নেত্রকোনা শহরের বড়বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে লাগা এই আগুনে দুটি বহুতল ভবনের একাধিক দোকানপাট ও বেশ কয়েকটি বসতঘর ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌনে দুই ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাজারের একটি জুতার দোকান থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে সংলগ্ন অন্যান্য দোকান ও বহুতল মজুমদার ভবনের নিচতলার মার্কেটে। খবর পেয়ে আগুন নেভাতে নেত্রকোনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের পাশাপাশি বারহাট্টা, আটপাড়া ও পূর্বধলা থেকে ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছিল জানিয়ে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে পার্শ্ববর্তী বাসা-বাড়ি ও দোকান থেকে গ্যাসের সিলিন্ডারসহ অন্যান্য বিপজ্জনক বিস্ফোরক দ্রব্য দ্রুত সরিয়ে নেওয়া হয়। এর আগে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানিয়েছিলেন, আগুনের তীব্রতা বেশি থাকায় ময়মনসিংহের পাশাপাশি জেলার কেন্দুয়া ও মদনের ফায়ার সার্ভিসকেও বিষয়টি জানানো হয়েছিল।