জাতীয়

নেত্রকোনার বড়বাজারে আগুনে পুড়ল ২৫ দোকান, আহত ৮

৭ আগস্ট ২০২৬
নেত্রকোনার বড়বাজারে আগুনে পুড়ল ২৫ দোকান, আহত ৮
নেত্রকোনা শহরের বড়বাজারে এক অগ্নিকাণ্ডে অন্তত ২৫টি দোকান ভস্মীভূত হয়েছে এবং ফায়ার সার্ভিসের ৩ কর্মীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

নেত্রকোনা শহরের বড়বাজার এলাকার কাপড় পট্টিতে শুক্রবার রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ভূঁইয়া প্লাজা ও মজুমদার ইলেকট্রনিক্সসহ অন্তত ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, 'আরিফ সুজ' নামের একটি জুতার কারখানা থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিজিবি, পুলিশ, রেড ক্রিসেন্ট ও স্থানীয় স্বেচ্ছাসেবীসহ সাধারণ মানুষ এগিয়ে আসেন।

এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের ৩ সদস্যসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। ঘটনার পর জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান নুরু দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

অগ্নিকাণ্ডে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র।

নেত্রকোনাঅগ্নিকাণ্ডবড়বাজারফায়ার সার্ভিস