পদত্যাগ করছেন হোয়াইট হাউসের সবচেয়ে কনিষ্ঠ প্রেস সচিব ক্যারোলিন লিভিট

চলতি মাসের শেষেই নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। লিভিটকে অন্যতম আস্থাভাজন সহকারী উল্লেখ করে ট্রাম্প জানান, ছোট সন্তান ও পরিবারকে সময় দিতেই তার এই সিদ্ধান্ত, যা তিনি পুরোপুরি সমর্থন করেন। হোয়াইট হাউস ছাড়লেও লিভিট ট্রাম্পের অন্যতম প্রধান বাহ্যিক উপদেষ্টা হিসেবে যুক্ত থাকবেন।
মাত্র ২৮ বছর বয়সে দায়িত্ব নেওয়া লিভিট ছিলেন হোয়াইট হাউসের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রেস সচিব। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি জানান, বিশ্বের অন্যতম ব্যস্ততম দায়িত্ব সামলানোর পাশাপাশি নতুন সন্তানের জন্ম দেওয়া তার জীবনের সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং অধ্যায় ছিল। গত মে মাসে দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফেরেন তিনি। তবে দুই ছোট সন্তানকে পর্যাপ্ত সময় দিতে না পারার কারণেই তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
লিভিটের রাজনৈতিক ক্যারিয়ার বেশ দীর্ঘ। ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারী প্রেস সচিব হিসেবে কাজ করার পর তিনি কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হন। ২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেও পরে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় জাতীয় প্রেস সচিব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ট্রাম্পের দুই মেয়াদের প্রশাসনে সারাহ হাকাবি স্যান্ডার্সের পর তিনিই দ্বিতীয় দীর্ঘতম সময় ধরে প্রেস সচিবের দায়িত্ব সামলেছেন।
সাংবাদিকদের সঙ্গে কড়া মনোভাবের কারণে সংবাদমাধ্যমে তিনি যেমন চর্চিত ছিলেন, তেমনি ট্রাম্প সমর্থকদের কাছে ছিলেন দারুণ জনপ্রিয়। তার স্থলাভিষিক্ত কে হবেন তা এখনো স্পষ্ট নয়। এর আগে তার মাতৃত্বকালীন ছুটির সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মতো জ্যেষ্ঠ নেতারা হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং পরিচালনা করেছিলেন।