পরীক্ষার সকালে বাবাকে হারানো চৌগাছার ঋতুর জিপিএ-৫ অর্জন

যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ঋতু খাতুন জীবনের কঠিনতম সময়েও হার মানেননি। ক্যানসারে আক্রান্ত বাবা হাসপাতালে লড়ছিলেন, সেই পরিস্থিতিতে তাকে ছারা পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিতে হয়। পরীক্ষা চলাকালেই ১০ মে ভোরে যশোর জেনারেল হাসপাতালে মারা যান তার বাবা কবির হোসেন। পরীক্ষা শেষ করে বাড়ি ফিরে উঠানে বাবার মরদেহ দেখতে পান তিনি।
পিতৃহারা হওয়ার গভীর শোক আর অর্থনৈতিক সংকটকে পাশে রেখেই ঋতু পরবর্তী পরীক্ষাগুলো সম্পন্ন করেন। গত ১০ আগস্ট এসএসসির ফলাফল প্রকাশ হলে দেখা যায়, সব প্রতিকূলতা পেরিয়ে তিনি জিপিএ-৫ পেয়েছেন। মানবিক বিভাগে এই গৌরবময় অর্জন দেখে খুশি তার শিক্ষক ও পরিবারের সদস্যরা। ফলাফলের পর আবেগাপ্লুত ঋতু জানান, বেঁচে থাকলে তার বাবা এই সাফল্যে সবচেয়ে বেশি আনন্দিত হতেন।
কবির হোসেন ও রেহেনা খাতুন দম্পতির ছোট মেয়ে ঋতুর বড় বোনের বিয়ে হয়ে গেছে। দিনমজুর বাবার প্রয়াণে পরিবারে বর্তমানে কোনো উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় তার উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে। হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক শাহানা খাতুন জানান, ঋতু অত্যন্ত মেধাবী, কোনো শিক্ষাবৃত্তি বা সমাজের বিত্তবানদের সাহায্য পেলে তার পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হবে। এদিকে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম ঋতুর এই ফলাফলে শুভকামনা জানিয়েছেন এবং উচ্চশিক্ষার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন।