পর্যটনকে অর্থনীতির অন্যতম ভিত্তি করতে চায় সরকার: পর্যটনমন্ত্রী

জিডিপিতে পর্যটন খাতের অবদান বাড়িয়ে ৭ শতাংশে উন্নীত করতে সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
টেকসই বিকাশের মাধ্যমে পর্যটন খাতকে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এ কথা জানিয়েছেন।
রোববার রাজধানীর গুলশান ক্লাবে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) নতুন কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটনের অবদান ৬ থেকে ৭ শতাংশে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। এই উদ্দেশ্য পূরণ ও খাতের তথ্যের ঘাটতি মেটাতে দেশজুড়ে ‘ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট’ (টিএসএ) বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে তিনি টোয়াবসহ খাতসংশ্লিষ্ট সব পক্ষকে পাশে পাওয়ার আশা প্রকাশ করেন।