পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ, পুলিশ বলছে ভিত্তিহীন

সিলেটের জৈন্তাপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে ফেরার পথে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এতে দুজনকে রক্তাক্ত করা ও গাড়ির গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটে বলে দাবি করা হয়।
শুক্রবার (৩১ জুলাই) রাতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিযোগ জানানো হয়। স্ট্যাটাসে জানানো হয়, হামলাকারীরা গাড়ির কাচ ভাঙচুর করে, যার ফলে ভাঙা কাচে আহত হন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সঙ্গী আরও একজন। অভিযোগের সপক্ষে একটি ভিডিওও প্রকাশ করা হয়, যেখানে মাইক্রোবাসের গ্লাস ভাঙা ও একজনের হাত থেকে রক্ত পড়ার দৃশ্য দেখা যায়।
এর আগে মঙ্গলবার হবিগঞ্জে এবং বৃহস্পতিবার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হবিগঞ্জের ঘটনায় এনসিপি ও ছাত্রদল থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।
তবে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম মোল্লা হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি জানান, সমাবেশ শেষে নেতাদের গাড়িবহরের আগে ও পেছনে পুলিশের প্রটোকল ছিল এবং গাড়িগুলো কোনোমতেই থামেনি। ওসি দাবি করেন, তিনি নিজে গাড়িবহরের সামনে ছিলেন এবং জৈন্তা গেট পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছেন, এই সময়ে হামলার কোনো ঘটনা ঘটেনি।