শিক্ষা

পাবনায় এসএসসিতে জিপিএ-৫ পেল যমজ দুই বোন

১৩ আগস্ট ২০২৬
পাবনায় এসএসসিতে জিপিএ-৫ পেল যমজ দুই বোন
পাবনার সুজানগরে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে যমজ দুই বোন সাইয়িদা জান্নাত ও সাইয়িদা জাহান।

পাবনার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় থেকে এবার মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে যমজ দুই বোন সাইয়িদা জান্নাত (নাওমি) ও সাইয়িদা জাহান (নাওফি)। তারা দুজনই বিজ্ঞান শাখা থেকে জিপিএ-৫ অর্জন করেছে। সুজানগর পৌরসভার মানিকদী এলাকার এই দুই বোনের বাবা জহুর আহমাদ সরকার ও মা মনিরা পারভীন স্থানীয় দুটি কলেজের শিক্ষক।

পারিবারিক সূত্রে জানা গেছে, শৈশব থেকেই একসঙ্গে বেড়ে ওঠা এই দুই বোনের পড়ালেখার ধরন ও আগ্রহ একই রকম। তারা পড়াশোনায় একে অপরকে সহযোগিতা করত। ফলাফলের আনন্দ প্রকাশ করে তারা জানায়, ভবিষ্যতের পথচলাও তারা একইভাবে পাড়ি দিতে চায় এবং বড় হয়ে চিকিৎসক হিসেবে মানুষের সেবা করতে চায়।

মেয়েদের এমন অর্জনে আনন্দিত অভিভাবক ও শিক্ষকেরা। তাদের মা মনিরা পারভীন জানান, অভিভাবকদের পর্যাপ্ত সময় ও উৎসাহ সন্তানদের ভালো ফলে ভূমিকা রাখে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল আক্তার জানান, ভালো ফলাফলের পাশাপাশি নাওমি ও নাওফি তাদের শৃঙ্খলা ও মার্জিত আচরণের জন্য বিদ্যালয়ে সব সময় প্রশংসিত ছিল।

এসএসসি পরীক্ষাজিপিএ-৫পাবনাযমজ বোনসুজানগর