অপরাধ

পাবনায় যুবদল কর্মীর বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে চুরি হওয়া ২ গরু উদ্ধার

৭ আগস্ট ২০২৬
পাবনায় যুবদল কর্মীর বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে চুরি হওয়া ২ গরু উদ্ধার
পাবনা সদরে যুবদল কর্মী শরিফুল ইসলাম প্রধানের বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে চুরি করা দুটি গরু উদ্ধার করে তাকে আটক করেছে পুলিশ।

পাবনা সদর উপজেলার কোমরপুর এলাকায় চুরি করা দুটি গরুসহ শরিফুল ইসলাম প্রধান নামে এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাত ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তার বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে গরু দুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে ওই এলাকায় একজনের গরু চুরি হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে তদন্ত শুরু করা হয়। পরে গোপন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চুরি করা গরু দুটি উদ্ধার করে এবং শরিফুলকে আটক করে।

আটক শরিফুল ইসলাম প্রধান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আড়ুয়া বাধা এলাকার মৃত ইসমাইল প্রামাণিকের ছেলে। তবে তার ভোটার আইডি পাবনা সদরে রয়েছে। জেলা যুবদলের পরিচয়ে তার ছবি সংবলিত ব্যানার এবং যুবদল নেতাদের সাথে তার বিভিন্ন ছবি পাওয়া গেছে।

পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম জানান, শরিফুলকে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রে জড়িত অন্যান্যদের নাম পাওয়া গেছে, যাদের গ্রেফতারের চেষ্টা চলছে। একটি গরুর মালিকের সন্ধান পাওয়া গেছে, যার কাছ থেকে মামলা নেওয়া হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, অপরাধী যাই হোক না কেন, তার বিচার হওয়া উচিত। দল অপরাধী তৈরি করে না, কেবল অপরাধীরা দলে মিশে থাকে। তিনি আরও জানান, নেতাদের সাথে তোলা ছবিগুলো অপরাধীদের নানাভাবে ব্যবহারের সুযোগ দেয়, যা চিহ্নিত করা কঠিন।

পাবনাযুবদলগরু চুরিআটকপুলিশ