পাম্পে ত্রুটি, বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট বন্ধ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকালে পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এই ইউনিটটি বন্ধ করা হয়।
বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে প্রয়োজনীয় মেরামত কাজ চলছে। কর্তৃপক্ষের মতে, আগামীকালের মধ্যে ইউনিটটি চালু করা সম্ভব হবে এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
বন্ধ হওয়ার আগে এই ইউনিট থেকে প্রতিদিন ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতো। বর্তমানে কেন্দ্রের ৩ নম্বর ইউনিটটি সচল রয়েছে, যা থেকে ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ অবস্থায় রয়েছে।
উল্লেখ্য, গত ৩১ জুলাইও যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়েছিল। দুই দিন পর ২ আগস্ট সেটি আবার চালু করা হয়েছিল।