প্রযুক্তি

প্রতিদ্বন্দ্বী অ্যাপ স্টোর ইনস্টল সহজ করার নির্দেশ পেল গুগল

১৩ আগস্ট ২০২৬
প্রতিদ্বন্দ্বী অ্যাপ স্টোর ইনস্টল সহজ করার নির্দেশ পেল গুগল
অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রতিদ্বন্দ্বী অ্যাপ স্টোর ইনস্টল প্রক্রিয়া সহজ করতে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলকে এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন মার্কিন আদালত।

অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের অ্যাপ স্টোর ইনস্টল করার প্রক্রিয়া আরও সহজ করতে গুগলকে নির্দেশ দিয়েছেন মার্কিন আদালত। সান ফ্রান্সিসকোর একটি আদালতে এপিক গেমসের সঙ্গে চলমান আইনি লড়াইয়ের শুনানিতে বিচারক জেমস ডোনাটো এই আদেশ দেন। প্রতিদ্বন্দ্বীদের প্রবেশ ঠেকাতে গুগল অপ্রয়োজনীয় প্রতিবন্ধকতা তৈরি করছে বলে আদালত পর্যবেক্ষণ দেন।

শুনানির সময় এপিক গেমসের আইনজীবী সরাসরি দেখান যে, প্লে স্টোরে বিকল্প অ্যাপ স্টোর খোঁজা এবং তা ইনস্টল করার ক্ষেত্রে ব্যবহারকারীদের একাধিক বাড়তি ধাপ পার হতে হয়। উদাহরণ হিসেবে দেখা যায়, প্লে স্টোরে ‘স্টোর ফর অ্যাপস’ লিখে খুঁজলে কোনো বিকল্প অ্যাপ স্টোরের বদলে ওয়ালমার্টের মতো সুপারস্টোরের তথ্য সামনে আসে। এ ছাড়া সাধারণ অ্যাপের মতো সরাসরি ‘ইনস্টল’ বোতাম না রেখে বাড়তি ‘ভিউ’ বোতাম চাপার বাধ্যবাধকতা এবং অপ্রয়োজনীয় সতর্কবার্তা পর্দা যুক্ত করা হয়েছে।

বিচারক ডোনাটো গুগলের এসব পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য প্রতিযোগিতা-বিরোধী বাধা’ হিসেবে উল্লেখ করে দ্রুত তা সংশোধনের নির্দেশ দেন। কোনো অ্যাপ খুঁজতে গেলে ব্যবহারকারীকে বাড়তি সতর্কবার্তা বা বিভ্রান্তিকর প্রক্রিয়ায় ফেলার দরকার নেই উল্লেখ করে বিচারক জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই প্লে স্টোরের এসব প্রতিবন্ধকতা গুগলকে দূর করতে হবে।

গুগলপ্লে স্টোরএপিক গেমসঅ্যান্ড্রয়েডঅ্যাপ স্টোর