প্রধানমন্ত্রী-মন্ত্রীর সিল নকল করে তদবির, গ্রেপ্তার ৫

প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও সচিবদের নামে জাল সিল, স্বাক্ষর এবং অফিশিয়াল লেটারহেড ব্যবহার করে দীর্ঘদিন ধরে তদবির চালিয়ে আসা একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতা ফারুক হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
২০০৬ সালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন একটি প্রকল্পে বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে চাকরি শুরু করা ফারুক হোসেন ২০১৪ সালে চাকরিচ্যুত হন। এরপর চাকরি ফিরে পেতে তিনি জালিয়াতির পন্থা অবলম্বন করেন। তিনি প্রধানমন্ত্রীর ‘অগ্রাধিকার’ সিল নকল করে বিষয়টি দ্রুত নিষ্পত্তির চেষ্টা করেন এবং বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তির নামে জাল ফাইল তৈরি করেন।
মঙ্গলবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ধারাবাহিক অভিযানে মাদারীপুরের কালকিনি থেকে ফারুক হোসেন ও সাকিব খান (২৫)কে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে মীর তৌহিদুল ইসলাম (৩৬)কে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া কালকিনি থানা পুলিশ কর্তৃক আগেই গ্রেপ্তার হওয়া মাসুম মুনসী (৪৫)কে হেফাজতে নেয় ডিবি। কুষ্টিয়া মডেল থানা এলাকা থেকে চক্রের আরেক সদস্য মো. বকুল মন্ডল (৩৫)কে গ্রেপ্তার করা হয়।
অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে সংসদ সদস্য ও সচিবদের অফিশিয়াল লেটারহেড প্যাডের ৪ বান্ডিল, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসহ উচ্চপদস্থদের ৪১টি জাল সিল, প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মুঠোফোন, ২টি কম্পিউটার ও ১টি ল্যাপটপ জব্দ করা হয়েছে। ডিবির তদন্তে জানা গেছে, চক্রটি প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করত। একই কৌশলে জনশক্তি রপ্তানিসংক্রান্ত একটি জাল সুপারিশপত্রও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেছিল তারা।