প্রযুক্তি

প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপে তরুণদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

২ আগস্ট ২০২৬
প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপে তরুণদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর
কানাডায় রোবোটিক্স প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে অভিনন্দন জানিয়ে প্রযুক্তি স্টার্টআপে সরকারি সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিজয়ী ‘মিস্ট ম্যাভিরভ’ দলের শিক্ষার্থীদের সাথে সাক্ষাত করেন তিনি। এ সময় তরুণ উদ্ভাবকদের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, নতুন প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে সরকার সব ধরনের সহযোগিতা করবে।

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে গত ২৩ থেকে ২৯ জুন অনুষ্ঠিত হয় ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’। ১৮টি দেশের ৮৮টি দলকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের এমআইএসটি। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রানার্স-আপ এবং আয়োজক দেশ কানাডা তৃতীয় স্থান অর্জন করে।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জানান, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসের মতো সম্ভাবনাময় খাতগুলোকে শক্তিশালী করে বহুমুখী রপ্তানি অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার। দেশীয় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে তরুণ উদ্যোক্তাদের সরকারি স্টার্টআপ কর্মসূচির আওতায় সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা তথ্যটি নিশ্চিত করেছেন। উক্ত বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং বিজয়ী দলের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীএমআইএসটিস্টার্টআপরোবোটিক্সপ্রযুক্তি