প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের রদবদলের প্রস্তুতি

বাংলাদেশের সরকারি প্রশাসনে উচ্চপর্যায়ের একাধিক পদে শিগগিরই বড় ধরনের পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরের সচিব পদ খালি হওয়া এবং বেশ কয়েকজন কর্মকর্তার মেয়াদ শেষ হতে চলায় এই রদবদল হতে যাচ্ছে।
চলতি মাসেই মন্ত্রিপরিষদ সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে। পাশাপাশি, নিয়মিত চাকরির মেয়াদ শেষ হওয়ায় গত ৩০ জুলাই থেকে খালি রয়েছে গৃহায়ণ ও গণপূর্তসচিব নজরুল ইসলামের পদটি। এর বাইরে বদলিজনিত কারণে বর্তমানে শূন্য রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের পদ।
অন্যদিকে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের পদটি খালি পড়ে রয়েছে। এছাড়া আগামী অক্টোবরে অবসরে যাওয়ার সূচি রয়েছে অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের। সব মিলিয়ে প্রশাসনের একাধিক শীর্ষ পদে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার প্রস্তুতি চলছে।