প্রস্তাবিত জ্বালানি নীতিমালায় বিশেষ সুবিধার সুযোগ নেই: জ্বালানি বিভাগ

বেসরকারি খাতে শোধিত জ্বালানি তেল আমদানি, গুদামজাতকরণ, পরিবহন ও বিক্রির প্রস্তাবিত নীতিমালার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে না বলে স্পষ্ট করেছে জ্বালানি বিভাগ। একই সঙ্গে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক ৮ আগস্ট শনিবার এক লিখিত বিজ্ঞপ্তিতে এই ব্যাখ্যার কথা জানান। তাতে উল্লেখ করা হয়, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যেই ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর খসড়া তৈরির উদ্যোগ নেয় সরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা। এর ফলে জরুরি পরিস্থিতি কিংবা সংকটের সময়ে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের সুযোগ-সুবিধা ও বিনিয়োগ সক্ষমতাকে দেশের স্বার্থে কাজে লাগানো সম্ভব হবে।
জ্বালানি বিভাগ জানিয়েছে, খাতসংশ্লিষ্ট সব পক্ষের মতামত পর্যালোচনা করেই নীতিমালা চূড়ান্ত করার সিদ্ধান্ত হবে। জনস্বার্থ, জাতীয় জ্বালানি নিরাপত্তা, বাজারে সুস্থ প্রতিযোগিতা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত হওয়া সাপেক্ষেই কেবল এটি বাস্তবায়নের বিষয় বিবেচনা করা হবে। এ নিয়ে কোনো ধরনের অনুমানভিত্তিক তথ্য প্রচার থেকে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছে দপ্তরটি।