প্রাণনাশের হুমকি পেয়ে পুলিশের দ্বারস্থ সৌরভ গাঙ্গুলী
ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলী ও তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরে আসা এসব চিঠির পরিপ্রেক্ষিতে সম্প্রতি দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
পুলিশ ও ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, প্রায় ৬ মাস ধরে সৌরভের নামে এ ধরনের চিঠি আসছিল। প্রথমে বিষয়টি গুরুত্ব না পেলেও সম্প্রতি কার্যালয়ে সরাসরি সৌরভ ও তাঁর স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে আরও দুটি চিঠি এলে সৌরভের ব্যবস্থাপক পুলিশে অভিযোগ দায়ের করেন। এসব চিঠিতে তাঁদের স্বজনদেরও ক্ষতির হুমকি দেওয়া হয়েছে।
ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, চিঠি দুটি সম্ভবত উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া এলাকা থেকে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়েছে। পুলিশ কুরিয়ার সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ করে একটি সন্দেহভাজন মুঠোফোন নম্বর শনাক্ত করেছে এবং নম্বরটির অবস্থান অনুসরণের চেষ্টা চালাচ্ছে।