ফতুল্লায় মাদক কারবারিদের হামলায় ৩ পুলিশ আহত, গুলিবিদ্ধ ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চলাকালে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং জসিম (২৪) নামের এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেলে ফতুল্লার ইসদাইর এলাকার আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার এবং কনস্টেবল রাশিদুল। গ্রেফতার ব্যক্তিরা হলেন গুলিবিদ্ধ জসিম ও তার সহযোগী মোহন (২৩)। ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, নিয়মিত সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইসদাইর এলাকায় গেলে ৭-৮ জন মাদক কারবারি পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে এসআই রফিক ও এসআই নন্দন চন্দ্র সরকার পাল্টা আট রাউন্ড গুলি চালান। এতে জসিমের উরুতে গুলি লাগে এবং মাদক কারবারিদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্রধারীদের হামলায় পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়েন। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।