জাতীয়

ফরিদপুরে গর্তে পা ও হাত দিয়ে সাপের কামড়ে নারী ও শিশুর মৃত্যু

৫ আগস্ট ২০২৬
ফরিদপুরে গর্তে পা ও হাত দিয়ে সাপের কামড়ে নারী ও শিশুর মৃত্যু
ফরিদপুরের সালথায় মঙ্গলবার পৃথক এলাকায় গর্তে অসাবধানতাবশত হাত ও পা দেওয়ায় সাপের কামড়ে এক নারী এবং এক শিশুর মৃত্যু হয়েছে।

ফরিদপুরের সালথা উপজেলায় গর্তে হাত ও পা দেওয়ার পর সাপের দংশনে এক নারী এবং এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেলের মধ্যে উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল ও সোনাতন্দী গ্রামে পৃথক এই দুটি দুর্ঘটনা ঘটে। বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন পিসনাইল গ্রামের প্রেমানন্দ মণ্ডলের স্ত্রী সরস্বতী মণ্ডল (৪২) এবং সোনাতন্দী গ্রামের সাইদুল মোল্লার ৩ বছর বয়সী মেয়ে সাকিবা আক্তার। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে সরস্বতী মণ্ডল বাড়ির পাশে কাজ করার সময় ভুলবশত একটি গর্তে পা ঢুকিয়ে দিলে বিষধর সাপ তাঁকে কামড়ায়। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে, একই দিন দুপুরে বাড়ির উঠানে খেলার সময় একটি গর্তে হাত দিয়ে ফেলে শিশু সাকিবা। সাকিবাকে বিষধর সাপ কামড় দেওয়ার পর তাকে প্রথমে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান স্বজনেরা। তবে ওই কবিরাজ সাপে কাটার চিহ্ন নেই বলে দাবি করেন। চিকিৎসা না পাওয়ায় শিশুটির অবস্থার অবনতি হলে পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, দুটি মর্মান্তিক ঘটনায় থানায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতদের স্বজনদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফরিদপুরসালথাসাপের কামড়মৃত্যু