ফর্টিস গ্রুপে, পুলিশের প্রথম ম্যাচেই হার

মঙ্গলবার বিকেলে ঢাকার কিংস অ্যারেনায় কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে স্থান নিশ্চিত করেছে ফর্টিস। এর প্রায় ছয় ঘণ্টা পর জর্ডানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সিরিয়ার আল ইত্তিহাদ আহলি আলেপ্পোর কাছে ১-০ গোলে পরাজিত হয় বাংলাদেশের আরেক প্রতিনিধিত্বকারী ক্লাব পুলিশ এফসি।
ম্যাচের প্রথমার্ধে বল দখলে ও আক্রমণে আলেপ্পো ছিল এগিয়ে। ৪৪তম মিনিটে দলটির ব্রাজিলিয়ান ডিফেন্ডার জর্ডান রদ্রিগেজের হেডে গোল করার মাধ্যমে আলেপ্পো এগিয়ে যায়। এই গোলই ম্যাচের ফলাফল নির্ধারণ করে। বিরতির পর পুলিশ গোল শোধের চেষ্টা করে এবং একাধিক আক্রমণ চালায়, কিন্তু আলেপ্পোর রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা।
এএফসি চ্যালেঞ্জ লিগে পুলিশ এফসি এবারই প্রথমবারের মতো অংশ নিচ্ছে। নিয়ম অনুযায়ী লিগ চ্যাম্পিয়ন ও রানার্সআপের এই প্রতিযোগিতায় খেলার কথা। তবে গত মৌসুমের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ আবাহনী ফিফার দলবদলে নিষেধাজ্ঞা থাকায় ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণ করতে ব্যর্থ হয়। ফলে তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী ফর্টিস ও পুলিশ এফসি এশিয়ার এই মঞ্চে নামে।