ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান ঘোষণা দিয়েছেন, সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন বা অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর মধ্য বাড্ডায় সড়ক দুর্ঘটনায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগম নিহত হওয়ার ঘটনায় তিনি এই সিদ্ধান্ত জানান।
শুক্রবার সকালে নিহত কর্মীর মরদেহ দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। পাশাপাশি সড়ক ব্যবহারকারীদের সতর্ক থাকার এবং বেপরোয়া গতিতে গাড়ি না চালানোর আহ্বান জানান তিনি।
প্রশাসক জানান, নিহত শেফালী বেগমের পরিবারকে ডিএনসিসির পক্ষ থেকে চার লাখ টাকা আর্থিক সহায়তা এবং এক বছরের সমপরিমাণ বেতন দেওয়া হবে। তিনি পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল আচরণেরও অনুরোধ করেন।
ডিএনসিসির কোনো গাড়ি যদি অদক্ষ বা হেলপার চালিয়ে থাকেন, তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শফিকুল ইসলাম খান। তবে তিনি দাবি করেন, তাঁর জানামতে সংস্থাটির কোনো গাড়ি হেলপার বা অদক্ষ চালক পরিচালনা করেন না।
এর আগে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান নিহতের বাসায় যান। এ সময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।