ফিফার নিষেধাজ্ঞা নিস্পত্তিতে আবাহনী-কিংসকে আরো ৪ দিন সময়

আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস ফুটবল ক্লাবের ওপর ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা নিস্পত্তির শেষ সময়সীমা ছিল ৭ আগস্ট। এদিনই ছিল ২০২৬-২৭ মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগের ক্লাবগুলোর লাইসেন্সিংয়ের শর্ত পূরণের শেষ দিন।
ক্লাব লাইসেন্সিংয়ের অন্যতম শর্ত হলো ‘ওভার ডিউ’ সংক্রান্ত মামলা নিস্পত্তি করা। আবাহনীর ৩টি এবং বসুন্ধরা কিংসের ১২টি এমন ইস্যু ছিল, যার কারণে তাদের ওপর যথাক্রমে ৩টি ও ১২টি ব্যান ঝুলে ছিল। এর মধ্যে আবাহনী দুটি ব্যান থেকে মুক্ত হলেও একটি বাকি রয়েছে। অন্যদিকে, বসুন্ধরা কিংসের ১১টি ব্যানের পাশাপাশি দুই দিন আগে আরেকটি নতুন ব্যান যুক্ত হয়েছে, যা মোট সংখ্যা ১২-এ নিয়ে গেছে।
নতুন মৌসুমে খেলোয়াড় নিবন্ধনের জন্য ৭ আগস্টের মধ্যে সব নিষেধাজ্ঞা উঠিয়ে ক্লাব লাইসেন্সিং করতে হতো। কিন্তু শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো ক্লাব থেকেই ইতিবাচক সংবাদ পাওয়া যায়নি। ফলে বাফুফেকে সময় বাড়ানোর অনুরোধ জানায় দুই ক্লাব। বাফুফে এই অনুরোধ মেনে সময়সীমা ১১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।
১১ আগস্টের মধ্যে নিষেধাজ্ঞা মুক্ত হয়ে লাইসেন্সিং করতে না পারলে আসন্ন লিগে অংশ নিতে পারবে না আবাহনী ও বসুন্ধরা কিংস। তবে আবাহনীর অবস্থা কিছুটা উন্নত; তাদের বাকি একমাত্র ব্যানের পেমেন্ট করা হয়েছে বলে ক্লাব সূত্রে জানা গেছে। সহজেই নিষেধাজ্ঞা উঠার চিঠি পেতে পারে আবাহনী। কিন্তু বসুন্ধরা কিংসের ১২টি ব্যান থেকে মুক্ত হয়ে লিগে খেলতে পারবে কিনা, তা নিয়ে এখন প্রশ্নের উদ্ভব হয়েছে।