ফ্যাশন কিংবদন্তি জর্জিও আরমানির জীবনী নিয়ে তৈরি হচ্ছে টিভি সিরিজ

বিখ্যাত ইতালীয় ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানির জীবন ও কাজ নিয়ে একটি হাই-এন্ড আন্তর্জাতিক টিভি সিরিজ তৈরি হতে যাচ্ছে। ইতালির প্রযোজনা প্রতিষ্ঠান লাক্স ভিদে এবং আরমানির নিজস্ব ফ্যাশন হাউস যৌথভাবে এটি প্রযোজনা করবে। সিরিজটি পরিচালনা করবেন তুর্কি বংশোদ্ভূত ইতালীয় পরিচালক ফারজান ওজপেতেক। লাক্স ভিদের প্রধান লেখক ফ্রান্সেসকো আরলাঞ্চের সঙ্গে যৌথভাবে এর চিত্রনাট্য লিখছেন তিনি।
হলিউডের বিনোদন জগতের সঙ্গে গভীর সম্পর্ক ছিল জর্জিও আরমানির। ১৯৮০ সালে ‘আমেরিকান গিগলো’ চলচ্চিত্রে অভিনেতা রিচার্ড গিয়ারকে পোশাক পরিয়ে প্রথম আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেন তিনি। পরবর্তীতে ২০০টিরও বেশি চলচ্চিত্রে তার ডিজাইন করা পোশাক ব্যবহৃত হয়েছে। জুলিয়া রবার্টস, কেট ব্লানচেট, লিওনার্দো ডিক্যাপ্রিও ও জর্জ ক্লুনির মতো বিশ্বখ্যাত তারকারা রেড কার্পেটে নিয়মিত তার তৈরি পোশাক পরিধান করেছেন।
১৯৩৪ সালের ১১ জুলাই উত্তর ইতালির পিয়াচেঞ্জায় জন্ম নেন আরমানি। ১৯৫৭ সালে ফ্যাশন জগতে কাজ শুরুর পর সঙ্গী সার্জিও গালিওত্তির সঙ্গে নিজেদের ভক্সওয়াগন গাড়িটি ১০ হাজার ডলারে বিক্রি করে নিজস্ব পোশাকের ব্র্যান্ড চালু করেন। পরবর্তীতে এটি ১০ বিলিয়ন ডলারের এক বিশাল ফ্যাশন সাম্রাজ্যে রূপ নেয়। ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর ৯১ বছর বয়সে মারা যান এই ফ্যাশন গুরু।
প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, আরমানির ফ্যাশন হাউস এই সিরিজের নির্মাণে পূর্ণ সহযোগিতা দেবে। ফলে ফ্যাশন হাউসের গোপন আর্কাইভ, আইকনিক সৃষ্টি ও ঐতিহাসিক স্থানগুলো সরাসরি ব্যবহারের সুযোগ পাবে নির্মাণ দল। বিশ্ববাজারকে লক্ষ্য রেখে নির্মিতব্য এই সিরিজটি আন্তর্জাতিক আঙিনায় দারুণ সাড়া ফেলবে বলে আশা করছেন নির্মাতারা।