ফ্রান্সের জনপ্রিয় ডিজে কাভিনস্কি মারা গেছেন, বয়স ৫০

ফ্রান্সের বিখ্যাত ডিজে এবং ইলেকট্রো-হাউস পপ শিল্পী কাভিনস্কি প্যারিসের নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছেন। তাঁর বয়স ছিল ৫০ বছর। তাঁর আসল নাম ছিল ভিনসেন্ট বেলোজে।
২০১০ সালে মুক্তি পাওয়া 'নাইটকল' গানটি তাঁকে বিশ্বজুড়ে পরিচিত করে। রাইয়ান গসলিং অভিনীত 'ড্রাইভ' সিনেমার ওপেনিং ক্রেডিটে এই গানটি ব্যবহার করা হয়েছিল। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে এই গানটি পরিবেশনের পর এটি মিউজিক আইডেন্টিফাইং অ্যাপ শাজামের ইতিহাসে একদিনে সবচেয়ে বেশি শনাক্তকৃত গান হিসেবে রেকর্ড গড়ে।
ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোন ফেসবুকে তাঁর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে কাভিনস্কিকে 'ফ্রান্সের চিরস্থায়ী গর্বের উৎস' বলেছেন। সংস্কৃতিমন্ত্রী ক্যাথরিন পেগার এক্সে লিখেছেন, কাভিনস্কির হঠাৎ মৃত্যুতে ফ্রান্স তার অন্যতম অনন্য কণ্ঠস্বর হারিয়েছে। তিনি আরও বলেন, 'ড্রাইভ' সিনেমা থেকে শুরু করে প্যারিস অলিম্পিক পর্যন্ত পুরো বিশ্ব 'নাইটকল' গানটির মুগ্ধ হয়েছিল।
প্যারিসের প্রসিকিউটর অফিসের বিবৃতি অনুযায়ী, কাভিনস্কিকে প্যারিসের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। ফ্রান্সের সংবাদপত্র লে ফিগারোর খবরে বলা হয়েছে, কাভিনস্কি কয়েকদিন ধরে মাথাব্যথায় ভুগছিলেন এবং কর্তৃপক্ষ মনে করছেন তিনি স্ট্রোকের শিকার হতে পারেন। ঘটনাস্থলে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি এবং মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য প্যারিস প্রসিকিউটররা তদন্ত শুরু করেছেন।
স্বশিক্ষিত পিয়ানোবাদক বেলোজে প্যারিসের বাইরে সেন-সেইন্ট-ডেনিসে জন্মগ্রহণ করেন। ২০০০-এর দশকের শুরুতে তিনি তাঁর ক্যারিয়ার শুরু করেন এবং ফরাসি ইলেকট্রো পাইওনিয়ার ডাফট পাঙ্কের জন্য ওপেনিং অ্যাক্ট করেন। কাভিনস্কি তাঁর লাল চোখের জম্বি ডিজে অল্টার ইগো হিসেবে 'ফরাসি টাচ' শিল্পীদের দ্বিতীয় তরঙ্গের অংশ ছিলেন। 'নাইটকল' গানটি ডাফট পাঙ্কের গাই-মানুয়েল দে হোমেন-ক্রিস্তোর সাথে প্রযোজনা করেন, সেবাস্টিয়ান মিক্স করেন এবং ব্রাজিলীয় গায়ক লাভফক্স গানটি গেয়েছিলেন। প্যারিস ২০২৪ অলিম্পিকে বেলজিয়ান গায়ক অ্যাঞ্জেল প্রধান কণ্ঠস্বর দিয়েছিলেন এবং কাভিনস্কি ও ফরাসি ব্যান্ড ফিনিক্সের সাথে এই গানটি পরিবেশন করেছিলেন।