প্রযুক্তি

ফ্রেমওয়ার্ক ল্যাপটপের বায়োস আপডেট সমস্যা, ওয়ারেন্টি ছাড়াও মেইনবোর্ড বদলি

২০ আগস্ট ২০২৬
ফ্রেমওয়ার্ক ল্যাপটপের বায়োস আপডেট সমস্যা, ওয়ারেন্টি ছাড়াও মেইনবোর্ড বদলি
ফ্রেমওয়ার্ক ল্যাপটপ ১৩ (৭০৪০ সিরিজ)-এর কিছু ইউজারের ল্যাপটপ বায়োস আপডেটের পর নষ্ট হয়ে গেছে। কোম্পানি ঘোষণা দিয়েছে, ওয়ারেন্টি শেষ হওয়া ইউজারদের মেইনবোর্ডও বদলি করা হবে।

ফ্রেমওয়ার্ক ল্যাপটপ ১৩-এর ৭০৪০ সিরিজের কিছু ইউজার অভিযোগ করেছেন, সাম্প্রতিক একটি বায়োস আপডেটের পর তাদের ল্যাপটপ কাজ করা বন্ধ করে দিয়েছে। জুলাই মাসে রিলিজ করা এই আপডেটটি (ভার্সন ৩.২০) রিজেন ৭০৪০ সিরিজের মেইনবোর্ডে সমস্যা তৈরি করেছে। আপডেট চলাকালীন ল্যাপটপগুলো আপডেট স্ক্রিনে আটকে যায় এবং উইন্ডোজ বা লিনাক্স—কোনো অপারেটিং সিস্টেমেই আর বুট হয় না।

প্রাথমিকভাবে কোম্পানি এক বছরের ওয়ারেন্টিতে থাকা ইউজারদের মেইনবোর্ড বদলি করেছিল। কিন্তু ওয়ারেন্টি শেষ হওয়া ইউজারদের নতুন মেইনবোর্ড কিনতে হবে বলে জানানো হয়। কিছু ইউজার বাইরের সরঞ্জাম ব্যবহার করে নিজেই সমস্যা সমাধানের চেষ্টা করেন। এই বিষয়ে জানতে চাইলে ফ্রেমওয়ার্কের প্রতিষ্ঠাতা নিরব প্যাটেল জানান, তারা সমস্যার মূল কারণ খুঁজছেন এবং ওয়ারেন্টি শেষ হওয়া ইউজারদের জন্যও ব্যতিক্রম করে মেইনবোর্ড বদলির ব্যবস্থা নেওয়া হচ্ছে, যদি নিশ্চিত করা যায় যে স্থিতিশীল বায়োস আপডেটের কারণেই সমস্যা হয়েছে।

ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে কোম্পানি ‘ক্রাইসিস রিকভারি মোড’ নামক একটি নতুন ফিচার চালু করছে। এর মাধ্যমে ব্যর্থ আপডেট সরাসরি পুনরুদ্ধার করা সম্ভব হবে। বর্তমানে ডেস্কটপ বায়োসে এই ফিচার রয়েছে এবং ল্যাপটপ ১২, ১৩ ও ১৬-এর জন্য এটি শীঘ্রই আসবে।

কোম্পানির প্রতিনিধি জিম রেডনার জানান, এই সমস্যায় ক্ষতিগ্রস্ত ল্যাপটপের সংখ্যা খুবই কম। তারা প্রতিটি পণ্যের জন্য বছরের শেষের মধ্যে এই রিকভারি ফিচারটি রিলিজ করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

ফ্রেমওয়ার্কল্যাপটপবায়োস আপডেটপ্রযুক্তিসমস্যা সমাধান