জাতীয়

বগুড়ায় ঝুঁকিপূর্ণ সমাগম মার্কেট ভেঙে ফেলা, কর্মহীন ৪০ বছরের ব্যবসায়ীরা

৩ আগস্ট ২০২৬
বগুড়ায় ঝুঁকিপূর্ণ সমাগম মার্কেট ভেঙে ফেলা, কর্মহীন ৪০ বছরের ব্যবসায়ীরা
জননিরাপত্তার কথা বিবেচনায় বগুড়া সিটি করপোরেশন সাতমাথা স্টেশন রোডের ঝুঁকিপূর্ণ সমাগম মার্কেট ভেঙে ফেলেছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন দীর্ঘদিনের অনেক ব্যবসায়ী।

বগুড়া শহরের সাতমাথা স্টেশন রোডে অবস্থিত সমাগম মার্কেটের ভবনটি ভেঙে ফেলেছে বগুড়া সিটি করপোরেশন। রোববার (২ আগস্ট) বিকেলে প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম নেতৃত্ব দেন। জেলা পুলিশ এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মীরাও এই অভিযানে উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, জননিরাপত্তার স্বার্থে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ও ব্যবহারের অনুপযোগী ঘোষণা করা হয়েছিল। এরপর ব্যবসায়ীদের লিখিত ও মৌখিকভাবে নোটিশ দেওয়া হয় দ্রুত দোকান খালি করে স্থান ত্যাগ করতে। নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ ব্যবসায়ী তাদের মালামাল সরিয়ে নেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে ভবন অপসারণের কাজ শুরু হয়।

প্রায় ৪০ বছর ধরে এখানে ব্যবসা পরিচালনা করে আসা সরকার মোটরসের স্বত্বাধিকারী মেহেদী হাসান জানান, পাঁচ বছর আগে পৌরসভা ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নোটিশ দিয়েছিল। কিন্তু আশপাশে উপযুক্ত দোকান না পাওয়ায় জীবনের ঝুঁকি নিয়েই ব্যবসা চালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। ভবন ভেঙে ফেলার ফলে তারা কর্মহীন হয়ে পড়েছেন।

নিউ নর্থ বেঙ্গল মেশিনারিজের স্বত্বাধিকারী সেলিম জানান, তার দোকানে তিনি এবং তিনজন শ্রমিক কাজ করতেন। ভবনটি ভেঙে ফেলার ফলে তারা কার্যত বেকার হয়ে গেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, দ্রুত নতুন ভবন নির্মাণ করে তাদের অগ্রাধিকার ভিত্তিতে দোকান বরাদ্দ দিয়ে পুনরায় ব্যবসা করার সুযোগ নিশ্চিত করা হোক।

বগুড়াসমাগম মার্কেটঝুঁকিপূর্ণ ভবনসিটি করপোরেশনব্যবসায়ী