বগুড়ায় ফুটবল মাঠের সংঘাত থামাতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

বগুড়ার শেরপুর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষ থামাতে গিয়ে জামিল শেখ (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত জামিল শেরুয়া দহপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, বিকেলে মাঠটিতে স্থানীয় কিশোর ও যুবকদের ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি ও উত্তেজনার সৃষ্টি হয়। মাঠে বসে খেলা দেখতে থাকা জামিল ঝগড়া মেটাতে এগিয়ে গেলে শেরুয়া দহপাড়া গ্রামের শাকিল (২২) নামের এক যুবক তার ওপর চড়াও হন। শাকিলের লাথি এবং কিল-ঘুষির আঘাতে জামিল মাঠেই ঢলে পড়ে। পরবর্তীতে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শাকিল আত্মগোপনে রয়েছেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, নিহত জামিলের তলপেটসহ শরীরের নানা স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার লাশ উদ্ধার করা হয় এবং মঙ্গলবার ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার। শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, ফুটবল খেলা নিয়ে দ্বন্দের জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।