অর্থনীতি

বন্ধ ৩ পাটকল চালু করতে প্রাণ-আরএফএল ও হ্যামকোর চুক্তি, ১১ হাজারের বেশি কর্মসংস্থান

১১ আগস্ট ২০২৬
বন্ধ ৩ পাটকল চালু করতে প্রাণ-আরএফএল ও হ্যামকোর চুক্তি, ১১ হাজারের বেশি কর্মসংস্থান
সরকার বন্ধ থাকা তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি দুই গ্রুপকে ইজারা দিয়েছে। এতে ৬১৯ কোটি টাকা বিনিয়োগ ও ১১ হাজার ৬২৯ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে।

দীর্ঘদিন বন্ধ থাকা তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল পুনরায় চালু করতে সরকার বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে ইজারা দিয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

চুক্তির বিবরণ অনুযায়ী, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনার স্টার জুট মিলস লিমিটেড ইজারা নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। অন্যদিকে, খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড ইজারা পেয়েছে হ্যামকো গ্রুপ। বিজেএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার, প্রাণ-আরএফএল গ্রুপের কোম্পানি সচিব আমিনুর রহমান এবং হ্যামকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এই তিনটি মিল চালু হলে মোট ১১ হাজার ৬২৯ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রায় ৬১৯ কোটি টাকা বিনিয়োগ হবে। প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য বার্ষিক টার্নওভার হবে প্রায় এক হাজার ১৭৫ কোটি টাকা। সিরাজগঞ্জের মিলটিতে ১৫৭ কোটি টাকা বিনিয়োগে ৫ হাজার ২৩৮ জনের চাকরি সৃষ্টি হবে। খুলনার স্টার জুট মিলসে ২৫০ কোটি টাকা বিনিয়োগে আরও ৫ হাজার ২৩৮ জনের কর্মসংস্থান হবে। প্লাটিনাম জুবিলী জুট মিলসে ২১২ কোটি টাকা বিনিয়োগে ১ হাজার ১৫৩ জনের চাকরি সৃষ্টি হবে।

বিজেএমসির উৎপাদন বন্ধ থাকা ২৫টি মিলের মধ্যে ২০টি বেসরকারি ব্যবস্থাপনায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ১৪টি মিলের ইজারা সম্পন্ন করে গ্রহীতাদের কাছে দখল হস্তান্তর করা হয়েছে এবং নয়টি মিলে উৎপাদন শুরু হয়েছে। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম ও প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাটকলচুক্তিকর্মসংস্থানবিজেএমসিপ্রাণ-আরএফএল