বন্যায় ঘর হারানো ১০০ পরিবারকে নতুন বাসগৃহ দিবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ঘরবাড়ি হারানো ১০০টি পরিবারের জন্য নির্মিত নতুন বাসগৃহ আগামী রোববার (৯ আগস্ট) হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
শুক্রবার (৭ আগস্ট) জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা অনুষ্ঠানস্থল, নির্মাণাধীন ঘর, হেলিপ্যাড ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। তিনি জানান, বাঁশখালী বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে জেলে ও মাটির ঘরে বসবাসকারী পরিবারগুলোর ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১০০টি নতুন ঘর নির্মাণ করা হচ্ছে।
বাঁশখালী পৌরসভা ও উপজেলার নয়টি ইউনিয়ন থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত এবং নিজেদের ঘর নির্মাণে অক্ষম ১০০টি পরিবারকে নির্বাচন করা হয়েছে। প্রতিটি ঘরের আয়তন ১৮ ফুট × ১২ ফুট। দুটি কক্ষ এবং পাঁচ ফুট × পাঁচ ফুট আকারের একটি সংযুক্ত শৌচাগার রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে আরসিসি পিলার, কাঠ ও টিন দিয়ে ঘরগুলো নির্মাণ করা হচ্ছে।
জেলা প্রশাসক বলেন, নির্মাণের মান নিশ্চিত করতে পৃথক তদারকি দল গঠন করা হয়েছে। উপজেলা প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা যৌথভাবে কাজটি পর্যবেক্ষণ করছেন। উদ্দেশ্য হলো উপকারভোগীরা যেন দীর্ঘদিন নিরাপদে সেখানে বসবাস করতে পারেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতীকীভাবে এক স্বামীহারা নারীর হাতে নতুন ঘরের চাবি তুলে দিয়ে হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধী শিশু ও ব্যক্তির মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাহারছড়া সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় দুটি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। বন্যায় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং উপযুক্ত খোলা জায়গার অভাবে শেষ পর্যন্ত বাহারছড়া এলাকাকেই হেলিপ্যাডের জন্য নির্বাচন করা হয়। মঞ্চ, প্যান্ডেল, হেলিপ্যাড ও নিরাপত্তাসহ সব প্রস্তুতি শনিবারের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।
বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফটিকছড়ির বাবুনগর মাদরাসা পরিদর্শন, হাটহাজারীতে কবর জিয়ারত এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন। হাটহাজারীতে ৩০টি পরিবারকে ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে অনুদান বিতরণ করা হবে। পরে তিনি চট্টগ্রাম নগরে দলীয় সাংগঠনিক কর্মসূচিতে যোগ দেবেন।