বাঁশখালীতে ঘের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাছের ঘেরের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল এলাকায় এ সহিংসতার ঘটনা ঘটে। এতে প্রাণ হারানো যুবকের নাম মোহাম্মদ জিল্লুর রহমান (৩০)। তিনি স্থানীয় বেড়িবাঁধ এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সরল ইউনিয়নের মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে মাছের ঘের এবং লবণ মাঠের আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার গভীর রাতে দুই পক্ষই আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। রণক্ষেত্রের রূপ নেওয়া এই সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের ছোড়া গুলি জিল্লুর রহমানের গায়ে লাগে। পরে তাঁকে সংকটজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোকসানা আক্তার জানান, ঘের দখল নিয়ে দুই পক্ষের এই মারামারিতে গুলিতে এক যুবকের মৃত্যু ছাড়াও অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনার বিষয়ে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন এবং তাঁর লাশ হাসপাতালে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও বিস্তারিত জানতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত চালাচ্ছে। পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, রাতে বাঁশখালী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।