বাংলাদেশ ব্যাংক থেকে ‘মুক্ত পে’-এর লাইসেন্স, ডিজিটাল লেনদেনে নামছে বাংলালিংক
দেশের শীর্ষস্থানীয় মোবাইল নেটওয়ার্ক বাংলালিংক ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে নতুন করে এগিয়ে আসছে। বাংলাদেশ ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে সনদ লাভ করেছে কোম্পানিটি। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করে।
‘মুক্ত পে’ নামে এই ডিজিটাল লেনদেন সেবাটি চালু করার ঘোষণা দিয়েছে বাংলালিংক। এর মাধ্যমে দেশের ডিজিটাল অর্থনীতির বাজারে তারা আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো। একটি বিজ্ঞপ্তিতে কোম্পানি এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ‘মুক্ত পে’-এর মাধ্যমে গ্রাহকরা টাকা লেনদেন, মার্চেন্ট ও ই-কমার্স প্ল্যাটফর্মে অর্থ পরিশোধ করতে পারবেন। এছাড়া বিভিন্ন পরিষেবা ও সরকারি বিল পরিশোধ, বেতন ও অন্যান্য অর্থ বিতরণসহ অনুমোদিত সব ধরনের ডিজিটাল লেনদেনের সুবিধা পাওয়া যাবে।
ডিজিটাল লেনদেন সেবার পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায়ও যুক্ত হতে আগ্রহী বাংলালিংকের মূল মালিকানা প্রতিষ্ঠান ভিওন। এ লক্ষ্যে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার লাইসেন্সের জন্য তারা বাংলাদেশ ব্যাংকে আবেদন জানিয়েছে।