বাংলাদেশকে নিরাপদ ভ্রমণের দেশ বলল যুক্তরাষ্ট্র, কমাল সতর্কতা

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশে তাঁর প্রথম সরকারি সফর শেষ করেছেন। ঢাকা সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করার পাশাপাশি তিনি জানান, সার্বিক স্থিতিশীলতা বিবেচনায় বাংলাদেশকে ভ্রমণের জন্য নিরাপদ ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর এক পোস্টে সার্জিও গর এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের ট্রাভেল অ্যাডভাইজরি লেভেল ৩ থেকে কমিয়ে লেভেল ২-এ নির্ধারণ করা হয়েছে। তবে কিছু নির্দিষ্ট এলাকায় এখনও অতিরিক্ত বিধিনিষেধ বহাল রয়েছে, যা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিশেষ দূত হিসেবে এটিই ছিল তাঁর প্রথম বাংলাদেশ সফর। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠককে ইতিবাচক আখ্যা দিয়ে তিনি জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে উভয় পক্ষ একসঙ্গে কাজ করতে আগ্রহী।